লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৯ মোবাইলসহ সাইবার প্রতারণা মামলা দায়ের
প্রতিনিধি: মোহাম্মদ নাজিমুর রহমান নাসিম, লালপুর, নাটোর
নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যেগুলো হ্যাকিং এবং প্রতারণার কাজে ব্যবহৃত হতো, উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার এসআই মো. মুনসুপ আলী, এএসআই (নিঃ) মো. আনছার আলী ও তাঁদের সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা তামিল করেন। ইং-০৯/০৫/২০২৬ তারিখ রাত ০১:১০ ঘটিকায় লালপুর থানাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের মো. রাজন হোসেন (৩২) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্তরা মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে, পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করতো।
গ্রেফতারকৃত আসামিদের নাম যথাক্রমে: মো. রাজন আলী (৩১), পিতা মো. দোয়াবর, সাং- দুড়দুড়িয়া, থানা লালপুর, জেলাঃ নাটোর; মো. আহাদ আলী (১৯), পিতা-মৃত মজিবর রহমান; এবং মো. তুষার আলী (২০), পিতা মো. তুহিন আলী, উভয় সাং চক-নায়ের, থানা বাঘা, রাজশাহী ।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের আস্থা অর্জন করে তাঁদের আইডি নিয়ন্ত্রণে নিয়ে অর্থ হাতিয়ে নিত। এই ঘটনায় লালপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ধারা ১৭(২)(খ), ২২(২) ও ২৭ অনুযায়ী মামলা নং ১৫, তারিখ ০৯/০৫/২০২৬ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আজ (০৯/০৫/২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।