রামুতে শ্রীশ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরের উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।
সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি।
অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজার জেলার রামু উপজেলার রামকূট হিন্দু পাড়ার শ্রীশ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীশ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরের উদ্যোগে আয়োজিত এবারের পূজায় শত শত ভক্তবৃন্দের মাঝে বস্ত্র (কাপড়) বিতরণ ও মহাপ্রসাদের আয়োজন করা হয়।
এর আগে গত ৭ই নভেম্বর (শনিবার) মায়ের শুভ অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরদিন ৮ই নভেম্বর (রবিবার) মূল শ্যামা পূজা ও আনুষঙ্গিক ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।
এবারের শ্রীশ্রী শ্যামা পূজার মূল প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত নিরঞ্জন কুমার শর্মা’র সেজ পুত্র, জ্যোতিষরত্ন সিদ্ধান্ত শাস্ত্রী সাধক শ্রীমান শিবু কুমার শর্মা।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজার সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। উৎসবকে কেন্দ্র করে মন্দির ও আশপাশের এলাকায় আকর্ষণীয় আলোকসজ্জার পাশাপাশি আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। মায়ের পূজা ও বস্ত্র বিতরণে অংশ নিতে দূর-দূরান্ত থেকে শত শত ভক্ত ও পুণ্যার্থী মন্দির প্রাঙ্গণে সমবেত হন।