ভেড়ামারায় অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জরিমানা
হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে একটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ওজনে কম দেওয়ার অপরাধে আরেক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
গত বুধবার (৬ মে) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গোহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গাজী আশিক বাহার।
আদালত সূত্র জানায়, সাতবাড়ীয়া এলাকায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করে আসছিলেন মোঃ মজনু মিয়া (২৭)। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই-এর অনুমোদন না থাকায় কারখানা মালিক মজনু মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ওজনে কারচুপির দায়ে শাহাদাত হোসেন নামে অন্য একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তৈরি করা এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও মানহীন বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে নষ্ট ও ধ্বংস করা হয়।