নিজের উদ্যোগে গড়ে তুলেছেন গণমানুষের বিশ্ববিদ্যালয়: সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার
বইয়ের আলোয় আলোকিত হোক সমাজ— স্বপ্ন দেখেন প্রতিষ্ঠাতা মোঃ শাহাদত হোসেন
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: রিদয় খান
বই মানুষের প্রকৃত বন্ধু, আর পাঠাগার জ্ঞান অর্জনের এক উন্মুক্ত ঠিকানা। পাঠাগারকে বলা হয় ‘গণমানুষের বিশ্ববিদ্যালয়’। কারণ, এখানে বয়স, শ্রেণি কিংবা আর্থিক সামর্থ্যের ভেদাভেদ ভুলে সবাই জ্ঞান অর্জনের সুযোগ পায়। এমনই এক স্বপ্ন ও মহৎ উদ্দেশ্য নিয়ে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় গড়ে উঠেছে ‘সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার’।
২০২১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত এই পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ শাহাদত হোসেন। তাঁর স্বপ্ন, সমাজের প্রতিটি মানুষের কাছে বই পড়ার সুযোগ পৌঁছে দেওয়া। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে বইমুখী করে গড়ে তোলা এবং তাদের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস সৃষ্টি করা।
পাঠাগারটির কার্যক্রমে দেখা যায়, শিশু-কিশোররা দলবদ্ধভাবে বই পড়ছে, জ্ঞান অর্জন করছে এবং পাঠাভ্যাস গড়ে তুলছে। বইয়ের প্রতি তাদের আগ্রহ ও অংশগ্রহণ যেন একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়।
বর্তমান সময়ে প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনেক শিশু-কিশোরের অবসর সময় মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ব্যয় হচ্ছে। এমন বাস্তবতায় বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে একটি উন্মুক্ত পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠাতা মোঃ শাহাদত হোসেনের উদ্যোগটি শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও সুন্দর প্রজন্ম গঠনের একটি ইতিবাচক প্রচেষ্টা।
তিনি বিশ্বাস করেন, একটি বই একজন মানুষের চিন্তাধারা বদলে দিতে পারে, আর একটি পাঠাগার বদলে দিতে পারে একটি সমাজের ভবিষ্যৎ। তাই পাঠাগারটিকে সবার জন্য উন্মুক্ত রেখে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাঁর।
স্থানীয় সচেতন মহলের সহযোগিতা, পাঠকদের আগ্রহ এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে। পাঠাগারটি হয়ে উঠতে পারে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার একটি প্রাণকেন্দ্র।
প্রতিষ্ঠাতার স্বপ্ন একটাই— প্রত্যেক ঘরে বই থাকুক, প্রত্যেক মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠুক, শিক্ষিত ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হোক।
সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারের অঙ্গীকার
খেলাধুলায় শক্তি, বইপড়ায় মুক্তি, জ্ঞানেই সমৃদ্ধি।
আসুন, বই পড়ি, জ্ঞান অর্জন করি, আলোকিত মানুষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার
পূর্বপাড়া, ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা।