নজরুল বিশ্ববিদ্যালয়ে শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড শিক্ষাবৃত্তির চেক বিতরণ
সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড শিক্ষাবৃত্তি’–২০২৬-এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। সমাজে বৈষম্য কমাতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, “এটি শুধু চেক বিতরণের অনুষ্ঠান নয়, বরং অনুপ্রেরণারও একটি আয়োজন। আজ যারা বৃত্তি গ্রহণ করেছে, ভবিষ্যতে তারাও প্রতিষ্ঠিত হয়ে অন্যদের সহযোগিতায় এগিয়ে আসবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ট্রাস্ট ফান্ডের দাতা শাহিদা খাতুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ।
এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মো. রকিবুজ্জামান, নাঈমা আক্তার, প্রদিতি রাউত প্রমাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চারজন অসচ্ছল শিক্ষার্থীকে ‘শাহিদা খাতুন ফোকলোর শিক্ষাবৃত্তি’ এবং দুইজন শিক্ষার্থীকে ‘শাহিদা খাতুন ফোকলোর মেধাবৃত্তি’ প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক ৩৬ হাজার টাকা এবং মেধাবৃত্তির আওতায় প্রত্যেককে বার্ষিক ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ২০২২-২৩ শিক্ষাবর্ষের আসিফ ও সুরাইয়া সুলতানা রিয়া এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাকিল মিয়া ও তৃপ্তি রানী রায়। এছাড়া মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— বিএসএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেছবাহ উদ্দীন ফাহিম এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাইয়ার সুলতানা বিপা।