ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ মাছুম বিল্লাহ
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় রাজাপুর-কাঠালিয়া সড়কের থানার প্রধান ফটকের সামনে ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বিএনপি, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান এলাকার সাধারণ মানুষের প্রিয় মানুষ ছিলেন এবং তার কার্যকালে থানায় সাধারণ মানুষ নিরাপদে ছিল। তাই অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়ামিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদল আহ্বায়ক জয়নাল আবেদীন ও কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল প্রমুখ।
মোঃ মাছুম বিল্লাহ
ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯