
সমীর রুদ্র (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব এবং ২৯তম বর্ষের ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখা’ এবং ‘নিত্যানন্দ গীতা সংঘ’-এর যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। চকরিয়া পৌরসভার চিরিঙ্গা হিন্দু পাড়াস্থ চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জন্মাষ্টমী পূজার মাধ্যমে অনুষ্ঠান মালার সূচনা হয়। এই ধর্মীয় উৎসবে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে পৌরোহিত্য ও অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী পাদ স্বরূপ দাস বাবাজী।উৎসবকে কেন্দ্র করে চকরিয়া ও এর আশপাশের এলাকা থেকে আসা হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সমবেত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।