কুমিল্লায় ঐক্য পরিষদের বর্ধিত সভা আগামিকাল
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১ জুন (সোমবার) সকাল ১১টায় নগরীর দৌলতপুর শহীদ স্মৃতি ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় জেলার প্রতিটি উপজেলা শাখা থেকে পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রতিনিধিদের মধ্যে উপজেলা শাখার সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ মোট পাঁচজনকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জেলার বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার বিষয়ক বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
ওই সভায় জেলার সকল উপজেলা প্রতিনিধিকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।