ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় পাবনা-৫ এর সংসদ সদস্য এ্যাড. শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ এর সংসদ সদস্য সেলিম রেজা হাবিব,পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, স্কয়ার গ্রুপের স্বত্বাধিকারী অঞ্জন চৌধুরী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পাবনা জেলার ৯টি উপজেলার প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে প্রেসক্লাবের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৬৫ বছর ধরে পাবনা প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।রেলি ও অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম।