

Anamul Haqe। ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আতাইকুলায় ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন
ছাবেদুল সরকার পাবনা
নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়ে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়েলো ল্যাম্প’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) পাবনার আতাইকুলা এলাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন করা হয়।
এদিন শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আতাইকুল কলেজিয়েট কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজ এবং আমেনা খাতুন ডিগ্রি কলেজের সম্মুখে এই ট্রাফিক সাইনগুলো বসানো হয়। এর মাধ্যমে সড়কে চলাচলরত যানবাহনের চালকদের গতি নিয়ন্ত্রণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম, আমেনা খাতুন ডিগ্রি কলেজের শিক্ষক হেলাল উদ্দিন, বিটিভি ও গণমাধ্যমের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, দৈনিক যায়যায় সময়ের নির্বাহী সম্পাদক খন্দকার কৌশিক হোসেন এবং ইয়েলো ল্যাম্প পাবনার সভাপতি মো: শহিদুল্লাহ খান উজ্জ্বল।
আয়োজনটি সফল করতে আরও উপস্থিত ছিলেন ইয়েলো ল্যাম্প আতাইকুলা থানার আহ্বায়ক মিঠুন শেখ এবং সংগঠনের স্বেচ্ছাসেবক মামুন শেখ, শাহরিয়ার, তানভীর, শরিফ মন্ডল, মারুফ হোসেন, সিয়াম ও এস এম শিহাব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধে এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তায় তাদের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।